রাজধানীর কাঁঠালবাগানে এক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ আট জনের বিরুদ্ধে রবিবার রাতে শেরে বাংলা নগর থানায় ঐ প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ঐ চাঁদাবাজ গ্রুপের হুমকির মুখে কলাবাগান থানাধীন কাঁঠালবাগানের চায়না গার্ডেন সিটি ডেভেলপার্স কোম্পানির নির্মাণাধীন ১০তলা বিশিষ্ট সিজিডিএল-সোনারগাঁও টাওয়ার, সাততলা বিশিষ্ট সিজিডিএল টাওয়ার-১ ও শ্যামলীর ২ ও ৪ নম্বর রোডের ১২/চ/১/এ নম্বরে ৯তলা বিশিষ্ট সিজিলি-গোধূলী ভবন নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। মামলায় আসামি করা হয়েছে আট জনকে। এরা হলেন—নাসির উদ্দিন, ওমর সরকার অন্তু, আতিকুর রহমান, মামুন, কাউছার, শাকিল, নিয়ামত হোসেন রাজু ও জয়। এদের মধ্যে আতিকুর রহমান ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক। নিয়ামত হোসেন রাজু শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
