গাজীপুরে ১১০ রত্নগর্ভাকে সম্মাননা দেবেন মেয়র জাহাঙ্গীর

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০০:৩২

গাজীপুরের সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১১০ রত্নগর্ভাকে সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা জোনে এক মতবিনিময় সভায় ঐ ঘোষণা দেন তিনি।

মেয়র জানান, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গাজীপুর সিটির পক্ষ থেকে ১১০ রত্নগর্ভা বা যাদের তত্ত্বাবধানে মায়ের ভূমিকা নিয়ে কোনো সন্তানকে সমাজ বা রাষ্ট্রীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত হতে অবদান রেখেছেন তাদের মধ্য থেকে ১১০জন মহীয়সী নারীকে সম্মাননা দেওয়া হবে। তার মধ্যে ১০০ জন হবেন গাজীপুর সিটি করপোরেশনের নাগরিক এবং বাকি ১০ জন (মরণোত্তর) হবেন সিটির বাইরের বাসিন্দা। এ উপলক্ষ্যে ৩১ মার্চ ভাওয়াল রাজবাড়ী মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের নিয়ে একটি প্রামাণ্য চিত্রও তৈরি করা হবে। আগামী ২৫ মার্চের মধ্যে সিটির সব ওয়ার্ড কাউন্সিলর, সচিবসহ সংশ্লিষ্টদেরকে তাদের তথ্য নিতে বলা হয়েছে। ৩১ মার্চের এ অনুষ্ঠানে ১০ হাজার নারীর জন্য আসন ব্যবস্থা থাকবে। এদিন আলোচনাসভা, সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি থাকবেন বলেও জানান মেয়র।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন প্রমুখ।