একটি ভালো সুযোগ হাতছাড়া করল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০০:৩৯

রাশিয়া বলেছে, পুতিনের সঙ্গে অনলাইন লাইভ বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে একটা ভালো সুযোগ হাতছাড়া করেছে যুক্তরাষ্ট্র। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে দুই শক্তির মধ্যে যে বিরোধগুলো ছিল তা এই সুযোগে সমাধান করার সুযোগ পেত উভয় দেশ।

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে পুতিনকে ‘খুনি’ বলার পর পালটা জবাবে বাইডেনকেই খুনি বলে বসেন রুশ প্রেসিডেন্ট। এই মন্তব্যের জেরে বাইডেনকে ‘লাইভ’ বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দেন পুতিন। ২০২০ সালের মার্কিন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে চেষ্টা করেছেন রুশ প্রেসিডেন্ট, মার্কিন গোয়েন্দাদের এমন প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এবিসি নিউজের সঙ্গে সাক্ষাত্কারে বাইডেন বলেছিলেন, পুতিনের কোনো হূদয় নেই। তিনি একজন খুনি। এসব মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত কূটনীতিককে প্রত্যাহার করে মস্কো। পরে পুতিন নিজেই এক প্রতিক্রিয়ায় সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, শীতল যুদ্ধের পর ওয়াশিংটনের সঙ্গে মস্কোর এমন কূটনৈতিক টানাপড়েন হয়নি। যেভাবে ঘটনা ঘটুক, আমরা উভয়ে চেষ্টা করলে তা সামাধান করা যেত। সম্পর্কের উন্নতি করা যেত।

গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম হোয়াইট হাউজ পুতিনের লাইভ বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। যুক্তরাষ্ট্র স্বীকার করুক বা না করুক, তারা বড় ধরনের একটা ক্ষত মেরামতের সুযোগ হারিয়ে ফেলেছে।