আফগান নিরাপত্তা বাহিনী
g বিবিসি
নতুন এক পরিসংখ্যানের কথা উল্লেখ করে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, ২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। নিহতের এ সংখ্যা আগের অনুমানকেও ছাড়িয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। ঘানি এর আগে গত বছর নভেম্বরে ২০১৫ সাল থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ২৮ হাজারের বেশি সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।
এবারের পরিসংখ্যানটি ঘানি তুলে ধরেছেন শুক্রবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ভাষণে। তিনি বলেন, ২০১৪ সালে আমি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আফগান নিরাপত্তা বাহিনী ৪৫ হাজারের এর বেশি সদস্য প্রাণ হারানোর মধ্য দিয়ে চরম আত্মত্যাগ করেছে। বিদেশি সেনা নিহতের সংখ্যা ৭২ জনেরও কম। এতেই বোঝা যায়, লড়াইটা আসলে কারা লড়ছে। আফগানিস্তানে তালেবানরা হলো প্রধান বিদ্রোহী পক্ষ। তিনি আরো বলেন, আমরা একটি স্থিতিশীল আফগানিস্তান নিশ্চিত করতে চাই। এ বিষয়ে যুক্তরাষ্ট্র-ইউরোপসহ অন্য দেশগুলো নিরাপত্তা দিলেও সেটি মূলত আমাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার ও প্রতিষ্ঠানগুলো দিয়ে নিশ্চিত করতে হবে।
২০১৪ সালে বেশিরভাগ বিদেশি সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর থেকে রেকর্ডসংখ্যক আফগান পুলিশ এবং সেনা নিহত হয়েছে। দুই দিন আগেও আফগানিস্তানে একটি সেনা ঘাঁটিতে তালেবানের এক বিপর্যয়কর হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ জনের বেশি সদস্য নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ঘানি এ বাহিনীতে প্রাণহানির ওই হিসাব দিলেন।
