৩ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১২:১৩

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৭২ টার্গেটে ব্যাট করছে স্বাগতিকরা। বোলিংয়ে শুভ সূচনা হয়েছে টাইগারদের। ইনিংসের শুরুতেই বিধ্বংসী কিউই ওপেনার মার্টিন গাপটিলকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। এরপর দ্বিতীয় ও তৃতীয় উইকেটটি নিয়েছেন মাহেদি হাসান।

ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে মোস্তাফিজের কাটারের শিকার হন গাপটিল। আর নবম ওভারের তৃতীয় বলে হেনরি নিকোলাসকে বোল্ড করেন মাহেদি হাসান। ১১তম ওভারেই নিজের দ্বিতীয় শিকারটি করেন মাহেদি। উইল ইয়াং ফেরেন সাজঘরে। দুইজনকেই বোল্ড করেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে স্বাগতিকরা।

এর আগে৪ প্রথম ইনিংসে তামিম ইকবাল অধিনায়কচিত ইনিংস খেলয়েছেন। নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। প্রথম ওয়ানডের দিনে জন্মদিনকে সেভাবে রাঙাতে না পারলেও আজ তার ব্যাট কথা বলতে শুরু করেছে। দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়েছেন বাংলাদেশের সেরা এই ওপেনার। ৮০ বল খেলে ৬ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৫০তম পঞ্চাশ পূরণ করলেন তামিম। তার ইনিংস থেমেছে ৭৮ রানে। এসময় তিনি ১০৮ বল খেলেছেন।

এরপর মুশিফিক ৩৪ করে সাজঘরে ফিরলে হাল ধরেন মিথুন। তার ৫৭ বলে ৭৩ রানের দ্রুতগতির ইনিংসটি বাংলাদেশের রান এগিয়ে নিতে বড় ভূমিকা পালন করেছে। এসময় তিনি ৬টি চার ও ২টি ছয় হাঁকিয়েছেন।

নিউজিল্যান্ডের বোলিংয়ে এদিন সবচেয়ে সফল মিশেল স্যান্টনার। ১০ ওভার বল করে রান দিয়েছেন ৫১। তুলে নিয়েছেন ২ উইকেট। এছাড়া বোল্ট, হেনরি ও জেমিশন নিয়েছেন ১টি করে উইকেট।

ইত্তেফাক/টিআর