দলীয় সংগ্রহ পঞ্চাশ পেরোতেই তিন উইকেট হারিয়ে ফেলেছিলো নিউজিল্যান্ড। মোস্তাফিজুর রহমানের কাটার কিংবা শেখ মেহেদি হাসানের স্পিনে চাপেই পড়ে গিয়েছিল স্বাগতিকরা। চাপটা বেশ ভালোভাবেই সামাল দিচ্ছেন কিউই অধিনায়ক টম লাথাম ও ডেভন কনওয়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনিংসের মাঝপথ পেরিয়ে অর্থাৎ ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৪৪ রান। ম্যাচ জিততে শেষের ১২০ বলে আরও ১২৮ করতে হবে কিউইদের। অধিনায়ক লাথাম ৫৩ বলে ৪৩ ও কনওয়ে ৭৫ বলে ৫২ রান নিয়ে অপরাজিত রয়েছেন। তাদের জুটির সংগ্রহ ৮৫ রান।
এর আগে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়ে ২৭১ রানের সংগ্রহ দাঁড় করানোর পর অধরা জয়ের খোঁজে যেমন শুরু দরকার ছিল, ঠিক তেমনটাই এনে দেন মোস্তাফিজুর রহমান। মাত্র পঞ্চম ওভারেই নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার মার্টিন গাপটিলকে সাজঘরে পাঠিয়ে দেন বাঁহাতি এই পেসার। ফিজের কাটারেই মূলত ধরাশায়ী হয়েছেন গাপটিল।
ইত্তেফাক/টিআর
