১৯৭১ সালে দৈনিক ইত্তেফাক (২৩ মার্চ)

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৪:২৭

সাহসী সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার সম্পাদনায় ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর দৈনিক হিসেবে যাত্রা শুরুর পর থেকে ইত্তেফাক হয়ে ওঠে গণমানুষের মুখপত্র।  বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছিল পত্রিকাটি। সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার থেকে আপসহীনভাবে সত্য প্রকাশ করে গেছে ইত্তেফাক। পত্রিকাটির এই ভূমিকা উপমহাদেশের সংবাদপত্রের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়।

স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চে দৈনিক ইত্তেফাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৭১ সালের ২৩ মার্চ প্রকাশিত দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় প্রধান খবরের শিরোনাম ছিল, ‘ভুট্টোর উপস্থিতিতে মুজিব-ইয়াহিয়া বৈঠক’। শিরোনামের নিচে উল্লেখ করা হয়, ‘সংকট নিরসনের পথে?’

মূল প্রতিবেদনে জানানো হয়, বিক্ষুব্ধ বাংলার দশ দিগন্তে মুক্তিকামী গণমানুষের একটানা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পটভূমিতে বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে রাজনৈতিক পর্যায়ে পাকিস্তানের ভাগ্য নির্ধারণের প্রশ্নে বোঝাপড়া চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। ৩ মার্চ জাতীয় পরিষদ অধিবেশন আকস্মিকভাবে স্থগিত ঘোষণা এবং পরবর্তী ঘটনাবলীর অপরিহার্য পরিণতি হিসেবে যে চরম রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, বাংলার জনগণের পক্ষ থেকে শেখ মুজিব কর্তৃক উত্থাপিত ৪ দফা দাবি পূরণের মধ্য দিয়ে তা অবসানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

প্রথম পাতার অষ্টম কলামে প্রকাশিত হয় ‘জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত’। প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান আগামী ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন। ২২ মার্চ দুপুর ১২টায় মুজিব-ইয়াহিয়া আলোচনার সংবাদ সংগ্রহের জন্য প্রেসিডেন্ট ভবনের সামনে সমবেত সাংবাদিকদের প্রতি প্রেসিডেন্টের মুখপাত্র এই তথ্য জানান। তবে প্রেসিডেন্টের ঘোষণায় জাতীয় পরিষদ অনুষ্ঠানের পরবর্তী দিনক্ষণ প্রসঙ্গে কিছুই উল্লেখ করা হয়নি।

ইত্তেফাক/জেএইচ