তরুণ সমাজের জনপ্রতিনিধিরা বলেছেন, তরুণদের নিজেদের চাহিদার কথা, প্রয়োজনের কথা স্বচ্ছভাবে জানাতে হবে। আগামীতে প্রতিযোগিতামূলক পৃথিবীতে নিজের স্থান করে নিতে শুরু থেকেই প্রস্তুত হতে হবে। কেননা চাকরির বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। তাই বেসরকারি খাতের জন্য নিজের দক্ষতা বৃদ্ধি খুব জরুরি।
সোমবার (২২ মার্চ) মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারাদেশের তরুণ প্রতিনিধিদের ‘ডায়ালগ উইথ ইয়ুথ অ্যান্ড ইয়াং পলিটিকাল লিডারস অন ফিফটি ইয়ারস্ অব বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় এসব কথা উঠে আসে।
Posted by Nahim Razzaq on Monday, March 22, 2021
শনিবার সকালে গুলশানের একটি হোটেলে এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ও জাগো ফাউন্ডেশনে আয়োজনে রাজনৈতিক প্রতিনিধি এবং আজকের যুবকদের মধ্যে জাগো ফাউন্ডেশনের সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তরুণদের মাঝে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা এবং গণতন্ত্র ও সুশাসনে যুব সমাজের ভূমিকা সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনাই ছিল এই কার্যক্রমের লক্ষ্য।
আলোচনায় ৬৪টি জেলা থেকে আগত ৬৪ জন যুবক দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে উন্নত, ইতিবাচক যুব বিকাশের বিষয়ে তরুণ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করেন।

এতে অংশ নেন সংসদ সদস্য ও ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক, সংসদ সদস্য রুমিন ফারহানা, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার, জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভী রাকসান্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনীতা চৌধুরী।
