পুষ্টি নিশ্চয়তায় আন্নার ‘নিউট্রিপ্রেনার বাংলাদেশ’

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২০:২৪

>> রেজাউল ইসলাম রেজা

 

দেশে ইটিং ডিসঅর্ডার বা খাদ্যগ্রহণজনিত রোগ নিয়ে কাজ করে আসছে নিউট্রিপ্রেনার বাংলাদেশ। আর যার হাত ধরে এই প্রতিষ্ঠানের পথচলা— তিনি ময়মনসিংহের মেয়ে ফখরুন নাহার আন্না। পড়াশোনা করছেন খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়ে। পাশাপাশি নিজের প্রতিষ্ঠান নিউট্রিপ্রেনার বাংলাদেশ থেকে অভিনব পদ্ধতিতে পুষ্টি সেবা দিয়ে আসছেন আন্না। নিউট্রিপ্রেনার বাংলাদেশের যাত্রা শুরু ২০১৯ সালের ২৪ জুলাই। এর আগে আন্না ‘ডিসকাভার দা পাওয়ার অব নিউট্রিশন’ ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেখানে দীর্ঘদিন যাবত পুষ্টি কেন্দ্রিক স্বেচ্ছাসেবামূলক কাজ করেছেন। এরপর সিনিয়র ডায়েট এক্সিকিউটিভ হিসেবে স্বনামধন্য পুষ্টিবিদ আয়শা সিদ্দিকার প্রতিষ্ঠান ‘ইজি ডায়েট বিডি’তে কাজ করেন।  তারই ধারাবাহিকতায় গড়ে তোলেন নিউট্রিপ্রেনার বাংলাদেশ। খাবার কীভাবে গ্রহণ করলে, কী পরিমাণে গ্রহণ করলে একজন মানুষের পুষ্টি নিশ্চিত করা সম্ভব তা নিয়েই কাজ করছে ‘নিউট্রিপ্রেনার বাংলাদেশ’। এরই ধারাবাহিকতায় ‘ইটিং ডিসঅর্ডার’ নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে নিউট্রিপ্রেনার বাংলাদেশ। বর্তমানে নিউট্রিপ্রেনার বাংলাদেশের তিনজন ট্রেইনি এবং ৫০ জন সদস্য রয়েছে; যাদের সিংহভাগই মেয়ে। গ্রাজুয়েট ও আন্ডারগ্রাজুয়েট লেভেলের খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই মূলত এই সংগঠনের মূল শক্তি। করোনাকালে  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের মাঝে বিনামূল্যে পুষ্টি সেবা দিয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। ২০১৯ সালে বিডিওএসএন কর্তৃক আয়োজিত ইনোভেটিভ আইডিয়া কম্পিটিশনে নিউট্রিপ্রেনার বিডি প্রথম স্থান অধিকার করে। সেইফ ওয়াটার রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বেস্ট ইভেন্ট পার্টনার হিসেবেও অ্যাওয়ার্ড লাভ করেছে। পাশাপাশি ২০১৯ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ফখরুন নাহার আন্না বেস্ট লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন।