যৌথ সিন্ধু কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের আগে অর্থাত্ আগামী রবিবার চন্দ্রভাগা তথা চেনাব অববাহিকার ভারতীয় জলবিদ্যুত্ প্রকল্প পরিদর্শনে আসছেন পাকিস্তানের তিন পরিদর্শক। ইমরান খানের সরকারের সঙ্গে ভারতের এই প্রথম সরকারি সংযোগ নিয়ে পাকিস্তান যে খুশি, তা গোপন রাখেনি ইসলামাবাদ। জলসম্পদ উন্নয়নমন্ত্রী ফইজল ভাওড়া পরিদর্শনের অনুমোদন নিয়ে বলেছেন, সিন্ধু জলচুক্তি নিয়ে বহুযুগ ধরে ভারত পাক বিবাদ চলছে। আমাদের লাগাতার প্রয়াসে বড় সাফল্য এসেছে। চেনাব অববাহিকায় ভারতীয় প্রকল্প পরিদর্শনের অনুমতি দিয়েছে দিল্লি। খবর আনন্দবাজার পত্রিকা
চুক্তির নিয়ম অনুযায়ী পাঁচ বছরে একবার সিন্ধু অববাহিকায় ভারতীয় জলবিদ্যুত্ প্রকল্প পরিদর্শনের জন্য খুলে দেওয়ার কথা। কিন্তু গতবারের পরিদর্শনের সময় অনুুযায়ী অনায়াসে এই দফাকে ভারত সাত মাস পিছিয়ে দিতে পারত। ভোটের মুখে নরেন্দ্র মোদী কেন যেচে এটি ঘাড়ে নিলেন তা নিয়ে ধন্দে কূটনীতির লোকজন। কারণ, পাকিস্তান যে পরিদর্শনের নামে ভারতের প্রকল্পগুলো নিয়ে তাদের বিরোধিতাকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সামনে তুলে ধরবে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। যা নতুন করে গলার কাঁটা হতে পারে দিল্লির।
