সুযোগ হারিয়ে হতাশ তামিম

সেই নিউজিল্যান্ড, আবার মুশফিক

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২১:৫০

ক্যালেন্ডারের পাতায় ২৩ মার্চ দিনটাকে ‘অপয়া’ নামে চিহ্নিত করে রাখতেই পারেন মুশফিকুর রহিম। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচটা শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বছরের এই দিনে ক্রিকেট মাঠে মুশফিকের করা ভুলের ফিরিস্তি তুলে ধরেছেন ক্রিকেটপ্রেমীরা। 

পাঁচ বছর আগে ব্যাঙ্গালোরে টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তীরে এসেও বাংলাদেশের জয়ের তরী ডুবে যাওয়ার ঘটনায় অবিচ্ছেদ্য অংশ মুশফিক। ক্রাইস্টচার্চে উইকেটের পেছনে দাঁড়িয়ে জিমি নিশামের লোপ্পা ক্যাচ ফেলেছেন কিপার মুশফিক। যা রীতিমতো অমার্জনীয়, অবিশ্বাস্য। গ্লাভস নিয়েও তার পিচ্ছিল হাত বছরের পর বছর পুড়িয়ে যাচ্ছে বাংলাদেশের হৃদয়। ক্যাচ ফেলেছেন মেহেদী হাসানও।

নিউজিল্যান্ডের কন্ডিশনে অধরা জয়টা উঁকি দিচ্ছিল, ক্যাচ মিসের ভুলে ফিকে হয়ে যায় জয়ের স্বপ্ন। ক্যাচ মিসের সঙ্গে জঘন্য মিস ফিল্ডিংয়ে ৫ উইকেটে হেরে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। সিরিজটাও হেরে গেছে ২-০ তে।

ক্রিকেটপ্রেমীরা ভুলেননি ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে মুশফিকের অতীত কর্মও। ২০১৯ বিশ্বকাপে কিপার মুশফিকের শিশুতোষ ভুলে রানআউট হননি কেন উইলিয়ামসন। ম্যাচ হারে মাশরাফি দল, সেমির স্বপ্নও তিমিরে হারায়। 

ডানেডিনের বাজে পারফরম্যান্সের পর আগে ব্যাট করে তামিম, মিঠুনের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৭১ রানের লড়াকু পুঁজি গড়েছিল বাংলাদেশ। ৫০তম হাফ সেঞ্চুরি করা তামিম ৭৮, মিঠুন ক্যারিয়ার সেরা অপরাজিত ৭৩ রান করেন। ৫৯ বলে ৩৪ রানের খেলেন মুশফিক। মিডল অর্ডারে তার এমন শ্লথ গতির ব্যাটিং পরিস্থিতির সঙ্গে পুরোপুরিই বেমানান ছিল। সৌম্য ৩২, মাহমুদউল্লাহ ১৬ রান করেন।

জবাবে টম লাথামের পঞ্চম সেঞ্চুরিতে ৪৮.২ ওভারে ৫ উইকেটে ২৭৫ রান তুলে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। অথচ ৫৩ রানে ৩ উইকেট ফেলে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। লাথাম-কনওয়ের ১১৩ রানের জুটি ভাঙে ৩৪তম ওভারে। তাসকিনের করা ৩৬তম ওভারের প্রথম বলে ৩ রানে থাকা নিশামের ক্যাচ ফেলেন মুশফিক। পরের ওভারে ৫৮ রানে থাকা লাথামের ফিরতি ক্যাচ তালুবন্দি করতে পারেননি মেহেদী হাসান। সেই লাথামই অপরাজিত ১১০ রান করেছেন। 

খুব অল্প সময়ের ব্যবধানে এ দুটি ক্যাচ মিস বাংলাদেশকে জয়ের রথ থেকে ছিটকে দিয়েছে। ম্যাচ শেষে তামিমের কণ্ঠেও সেই আক্ষেপই ঝরল। গতকাল তিনি বলেছেন, ‘দুইটা সুযোগ যেটা মিস করলাম, এই চান্সগুলো (ক্যাচগুলো) যদি তুলতে পারতাম তাহলে এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল।’

নিউজিল্যান্ডে জয়ের সেরা সুযোগ হারিয়ে হতাশ তামিম। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা এখানে ম্যাচ জিততে এসেছি। আজ সেরা সুযোগ ছিল যা আমরা মিস করেছি।’

ইত্তেফাক/এসআই