ভারতের উপহার অ্যাম্বুলেন্সের প্রথম চালান বেনাপোলে

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:০১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশকে উপহার দেওয়া ১০৯টি অ্যাম্বুলেন্সের প্রথম চালান বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলো এসে পৌঁছাবে। তবে ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করবেন মোদি। গত রবিবার উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি দেশে এসে পৌঁছেছে।

উত্তরা মোটরসের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, রবিবার আসা অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেওয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যাক্রমে তাদের মাধ্যমে বাংলাদেশে আসবে। তিনি আরো জানান, উপহার হিসেবে আসা প্রথম অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেশনের সুবিধা রয়েছে। অর্থাত্, কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।