স্বরূপকাঠিতে বাল্যবিয়ে ও মাদককে লালকার্ড প্রদর্শন¬¬

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১০

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

বাল্যবিয়ে ও মাদককে লালকার্ড দেখিয়েছে স্বরূপকাঠির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা কলেজের ছাত্রীরা। শনিবার কলেজ মাঠে তিন শতাধিক ছাত্রী হাত উঁচিয়ে লালকার্ড দেখিয়ে এসব সামাজিক অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেয়। একই সঙ্গে দেশপ্রেম, মানবতা ও সত্যবাদিতার অভ্যাস গড়ে তোলারও শপথ গ্রহণ করে ছাত্রীরা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সামাজিক আন্দোলন হিসেবে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লা আল মামুন বাবু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফজিলা রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম বাহাদুর, দুপ্রকের সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ, সদস্য নির্মল সেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সরকার বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার পাশাপাশি সমৃদ্ধ ও সুশিক্ষিত জীবন গড়তে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধের বিকল্প নেই।

পরে প্রধান অতিথি ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবু ছাত্রীদের মাদককে না বলার ও ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার শপথ বাক্য পাঠ করান।