কিস্তিতে ক্রয় করা পণ্যবাহী গাড়ির কিস্তি রি-সিডিউল করার দাবি

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:২৮

কিস্তিতে ক্রয় করা পণ্যবাহী গাড়ির সুদ মওকুফ ও কিস্তি রি-সিডিউল করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। রবিবার তেজগাঁও ট্রাক টার্মিনালে সমিতির কেন্দ্রীয় কার্যালয় জরুরি সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার।

বক্তারা বলেন, বড় অঙ্কের কিস্তিতে যে সব গাড়ি দেওয়া হয়েছিল সেগুলোর কিস্তি করোনা মহামারি ও ব্যাবসায়িক মন্দার কারণে সময়মতো পরিশোধ করা যায়নি। এই সুযোগে কোম্পানিগুলো ঐ সব গাড়ি রাস্তা থেকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এবং কোনো নোটিশ ছাড়া আবার অন্যের নিকট বিক্রি করে দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির পক্ষ থেকে উক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে সুদ মওকুফ ও কিস্তি রি-সিডিউল করার জন্য জোর দাবি জানাচ্ছি। সভায় বক্তব্য রাখেন, সমিতির কার্যকরী সভাপতি সৈয়দ মো. বকতিয়ার, সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, যুগ্ম সম্পাদক হোসনে আহম্মেদ মজুমদার, সহসাধারণ সম্পাদক হাসানুল কবির হাসান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ। —সংবাদ বিজ্ঞপ্তি