যশোর-নড়াইল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নড়াইল সদর উপজেলার তুলারামপুর সেতুর মাঝখানের স্লাব ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বেলা ১১টার পর স্লাবের কিছু অংশ ভাঙা দেখা যায়। এ ঘটনার পর থেকে সেতুর দুই পাশে জ্যামের সৃষ্টি হয়।
জানা গেছে, নড়াইল থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় এ সড়কটির ওপর দিয়ে প্রতিদিনই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক হাজার ভারী ও হালকা যান চলাচল করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে দশ চাকার একটি পাথরবোঝাই ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার পর স্লাবের ঐ অংশ ভেঙে গর্তের সৃষ্টি হয়। এ ঘটনার পর সেতুর দুই পাশে অনেক বাস-ট্রাক আটকা পড়ে এবং পণ্যবাহী যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। পরে তারা রুট পরিবর্তন করে অন্য পথ বেছে নেয়।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৗশলী মো. আশরাফুজ্জমান বলেন, খবর পাওয়ার পরপরই সেতুটি পরিদর্শন করেছি। সেতুর মাঝখানের স্লাব ভেঙে গেছে। আপাতত স্টিলের পাটাতন সংগ্রহ করে সেতুটি চালুর ব্যবস্থা করা হবে। তবে এটি সংগ্রহ করতে দুই/তিন দিন সময় লাগতে পারে। আপাতত এ সেতুর ওপর দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করবে না। তবে হালকা যানবহন চলাচল করতে পারে। তিনি আরো বলেন, পুরোনো এ সেতুর পাশে একটি নতুন সেতুর কাজ প্রায় শেষের দিকে। এটি দুই-তিন মাসের মধ্যে চালু হলে যানবাহন চলাচলের সমস্যা দূর হবে।
