হঠাত্ ঘুম, আসিয়ানের কয়েকটি বৈঠকে যেতে পারেননি দুতের্তে

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:৪৫

হঠাত্ করে ঘুমিয়ে যাওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বেশ কয়েকটি নির্ধারিত বৈঠকে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে উপস্থিত হতে পারেননি বলে তার দপ্তর জানিয়েছে।

‘ঘুমিয়ে পড়ায়’ বুধবারের সূচিতে থাকা চারটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট যেতে পারেননি, বলেছেন তার এক মুখপাত্র।

এর আগেও দেশে এবং দেশের বাইরের অনেক আন্তর্জাতিক অনুষ্ঠানে হাজির ছিলেন না দুতের্তে। সত্তরোর্ধ্ব এ প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে কয়েক বছর ধরেই কানাঘুঁষা চলছিল। দেহে ক্যান্সার বাসা বাঁধতে পারে, অক্টোবরে এ আশঙ্কার কথা নিজেই জানিয়েছিলেন তিনি। দুতের্তের মুখপাত্র সালভাদর পানেলো জানান, প্রেসিডেন্ট অনেক রাত পর্যন্ত কাজ করেছিলেন; ঘুমিয়েছিলেন তিন ঘণ্টারও কম সময়। তার পর্যাপ্ত বিশ্রাম হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট দপ্তরের এ মুখপাত্র বলেন, “পর্যাপ্ত হয়নি, যতটুকু হয়েছে তা দিয়ে (সম্মেলনের) শেষ দিনের কাজ চালিয়ে নিতে পারবেন।” ঘুমের কারণে প্রেসিডেন্টের অনুপস্থিতির সঙ্গে তার ‘স্বাস্থ্য পরিস্থিতির কোনো যোগ নেই’ বলেও জানান পানেলো। দুতের্তে শারীরিকভাবে সুস্থ আছেন বলেও তার দাবি।