কিশোরগঞ্জে ট্রেনের দুই টিকিট কালোবাজারি আটক

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৩৯

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে সোমবার রাতে টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করা হয়েছে। র্যাব অভিযান চালিয়ে টিকিট কালোবাজারি মো. সাইফুল ইসলাম ও মানিক মিয়াকে আটক এবং তাদের কাছ থেকে কিশোরগঞ্জ থেকে ঢাকা এবং চট্টগ্রামগামী ট্রেনের ৬০টি আসনের অগ্রিম টিকিট উদ্ধার করে।

র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বিএনএম শোভন খান জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।