বরিশালে মাস্ক না পরায় ছয় জনকে জরিমানা

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৪০

বরিশালে মাস্ক না পরায় ছয় জন পথচারীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর পোর্ট রোড ও বাজার রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পোর্ট রোড ও বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ছয় জন ব্যক্তিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে। এ সময় জনসাধারণের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।

বিশ্বনাথে ১১ জনকে জরিমানা

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা জানান, বিশ্বনাথ উপজেলায় মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ২টায় দিকে সদরের বাসিয়া সেতুর ওপর এ অভিযান পরিচালনা করেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। ঐ এলাকায় মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ও যানবাহন চালানোর অপরাধে ১১ জনকে জরিমানা করেন। ১১টি মামলায় ঐ ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।