মুস্তাফিজের কাফ মাসলে টান

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৫৪

 স্পোর্টস রিপোর্টার

ক্রাইস্টচার্চে রান তাড়া করতে নামা নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তার স্লোয়ারে বিভ্রান্ত হয়েছেন অভিজ্ঞ মার্টিন গাপটিল। ইনিংসের পঞ্চম ওভারে বল করে মিড উইকেটে দৌড়ে গিয়ে মুস্তাফিজই ক্যাচটা নিয়েছিলেন। পরে জিমি নিশামও তার শিকার হন।

কিন্তু গতকাল বোলিংয়ের কোটা পূরণ করতে পারেননি মুস্তাফিজ। ৮.৩ ওভার বোলিং করেই ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। পরে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, কাফ মাসলে টান পড়েছে বাঁ-হাতি এ পেসারের। তবে ভালো আছেন মুস্তাফিজ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক এ প্রসঙ্গে বলেছেন, ‘মুস্তাফিজের কাফ মাসলে একটু টান লেগেছিল। যে কারণে ও মাঠ থেকে উঠে গেল। পরে ওর সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে। সে ভালো আছে, আমার মনে হয় সে তৃতীয় ম্যাচে খেলবে।’মুস্তাফিজ পরে আর মাঠে ফিরেননি। তার বাকি তিন বল করে দিয়েছেন সৌম্য সরকার। ৮.৩ ওভারে ৬২ রানে ২ উইকেট নিয়েছেন কাটার মাস্টার।