‘ভালো গল্পে কাজের সুযোগ পাইনি’

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২৩:০০

বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সম্প্রতি শেষ করেছেন শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাইফ’ শিরোনামের একটি ছবির কাজ। এছাড়া সামনের মাস থেকে শুরু করবেন শাহীন সুমনের পরিচালনায় ‘গ্যাংস্টার’ ছবির শুটিং। সাইমন বলেন, ‘আমার নতুন এই কাজগুলো অন্যান্য কাজ থেকে অনেকটাই আলাদা। নিজেকে ভিন্নভাবে সবার সামনে নিয়ে আসছি এই ছবিগুলোর মাধ্যমে।’ চলচ্চিত্র ক্যারিয়ারের বয়স অনেক বছর হলেও আজো সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি, এমন অনেক নায়কই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এখনো একক নায়ক নির্ভরতা চলছে ইন্ডাস্ট্রিতে। এ বিষয়ে সাইমন বলেন, ‘আমি অন্যের কথা বলতে পারবো না, তবে নিজের বিষয়ে বলবো, আমি সেভাবে ভালো গল্পে কাজের সুযোগ পাইনি। নিজেকে মেলে ধরার মতো গল্প একজন শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এবার বেশ কয়েকটি গল্প হাতে পেয়েছি। আশা করছি এবার সেই জায়গাটা তৈরি করতে পারবো।’ এছাড়া দেশের চলচ্চিত্র এখন নানামুখি সংকটের ভেতর দিয়ে চলছে। সেখানে ভালো নির্মাতা, গল্প ও আর্টিস্টের অভাবসহ প্রতিনিয়ত হল বন্ধের খবর উঠে আসছে। এমন অবস্থায় চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলোর একে অন্যকে বয়কট এই সংকট আরো তীব্র করছে কি-না? এমন প্রশ্নে সাইমন আরো বলেন, ‘কেউ চলচ্চিত্রের জন্য ক্ষতিকারক কিছু করলে তাকে বয়কট করার ক্ষমতা সংগঠনের আছে। তবে সেটা যাচাই-বাছাই করেই করতে হবে। নতুন সংকট তৈরি না করে সবাই এক হয়ে ভালো কাজ করতে হবে। না হলে দর্শকরা আরো মুখ ফিরিয়ে নেবে। আমাদের নিজেদের ভেতরে কোন্দল না করে ঐক্যবদ্ধ হয়ে চলচ্চিত্রকে বাঁচাতে হবে।’ দেশেও এখন ওটিটি প্লাটফর্মে ছবি মুক্তির প্রচলন শুরু হয়েছে। তবে চলচ্চিত্র যেহেতু হলে দেখার জন্যই নির্মিত হয়, তাই প্রতিটি ছবি আগে হলে মুক্তি দিয়ে পরে অন্য মাধ্যমে মুক্তি দেওয়া উচিত বলে মনে করেন সাইমন।