বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে গতকাল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীটি উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
জাতির পিতার জীবন ও কর্মের ওপর বিভিন্ন প্রামাণ্যচিত্র এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বেশ কয়েকটি চলচ্চিত্র এই উত্সবে স্থান পেয়েছে। উত্সবটির মাধ্যমে স্বাধীনতার সঠিক ইতিহাস সকলের মাঝে পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যত্ প্রজন্মের কাছে এ দেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন আয়োজকরা।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মো. আবুল কালাম আজাদ, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও চলচ্চিত্র প্রযোজক ইফতেখার উদ্দিন নওশাদ বক্তব্য প্রদান করেন।
জনগণের সঙ্গে চলচ্চিত্রের ইতিহাসের সেতুবন্ধন স্থাপনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্র ও স্থিরচিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে।
