সুন্দরবনে গোলপাতা আহরণ শুরু কাল

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১২

মংলা (বাগেরহাট) সংবাদদাতা

আগামীকাল সোমবার থেকে সুন্দরবনে শুরু হচ্ছে গোলপাতা আহরণ মৌসুম। এ মৌসুমকে ঘিরে সুন্দরবন উপকূলের কয়েক হাজার বাওয়ালী পরিবারে খুশির আমেজ বইছে। ইতোমধ্যে নৌকা নির্মাণ ও মেরামতসহ পাস-পারমিট  সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন বাওয়ালীরা। অন্যান্য বছর ডিসেম্বর মাসে গোলপাতা আহরণের অনুমতি দেওয়া হলেও এবার কিছুটা দেরিতে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহের অনুমতি দেওয়া হলো। সোমবার প্রথম দফায় পূর্ব সুন্দরবন থেকে গোলপাতা আহরণে অনুমতি (পাস) দেওয়া হবে। পর্যায়ক্রমে চলবে ৩১ মার্চ পর্যন্ত।

সংশ্লি­ষ্ট একাধিক সূত্র জানায়, প্রতি বছর ডিসেম্বর মাস থেকে ৩১ মার্চ পর্যন্ত সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম চলে। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ বিকল্প ঢেউটিন হিসেবে ঘরের ছাউনিতে গোলপাতা ব্যবহার করে থাকে। গোলপাতার ঘর পরিবেশ বান্ধব। তাই এ অঞ্চলের মানুষের কাছে গোলপাতার বেশ সমাদর রয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান জানান, তাদের আওতাধীন চাঁদপাই রেঞ্জের দুটি কূপে গোলপাতা আহরণের পারমিট দেওয়া হচ্ছে। শরণখোলা রেঞ্জে এবার গোলপাতা আহরণের কোনো অনুমতি দেওয়া হয়নি। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই ও শ্যালা নামক এ দু’টি কূপের আওতাধীন এলাকা থেকে সোমবার থেকে পাস-পারমিট প্রক্রিয়া শেষে বনে প্রবেশ করতে শুরু করবে  বাওয়ালীরা।

চাঁদপাই স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, গত বছর চাঁদপাই রেঞ্জের ২টি কূপ থেকে প্রায় ৬৬ হাজার মণ গোলপাতা সংগ্রহ করা হয়। এবার এখন পর্যন্ত কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা না হলেও গত বছরের কাছাকাছি লক্ষ্যমাত্রায় গোলপাতা আহরণের সম্ভাবনা রয়েছে।