ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তামিম-মিঠুনের উন্নতি

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৭:২৮

টি-টোয়েন্টি ও ওয়ানডের ব্যক্তিগত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যাতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের উন্নতি হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম যা তাকে র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে নিয়ে ১৯ এ এনেছে। অন্যদিকে মোহাম্মাদ মিঠুনও ৯৪ থেকে ৮২ নম্বরে উঠে এসেছেন।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হারানোয় উন্নতি ঘটেছে কোহলিদেরও। স্বদেশী লোকেশ রাহুলকে টপকে টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে চারে উঠেছেন কোহলি, যা এখন পর্যন্ত তাঁর সর্বোচ্চ র‌্যাঙ্কিং যদিও ভারতীয় অধিনায়ক ওয়ানডেতে এক নম্বরে আছেন। কোহলি ছাড়াও ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে রোহিত শর্মা।

টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন সাউথ আফ্রিকান বোলার শামসি, প্রথমবারের মতো এক নম্বর স্থানটা নিজের দখলে নিয়েছেন এই স্পিনার। জিম্বাবুয়ে সিরিজে খারাপ করায় রশিদ খান বোলিং র‌্যাঙ্কিংয়ের টপ স্থানটা হারিয়ে দুই নাম্বারে নেমেছেন।

এদিকে ভারতীয় ব্যাটসম্যানরা ছাড়াও বোলাররা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন। ভুবেনশ্বর কুমার তিন ধাপ এগিয়ে ২১ নম্বরে ও হার্দিক পান্ডিয়া ৭৮ থেকে উঠে এসেছেন ৪৭ এ।

ইত্তেফাক/এসআই