বিনোদন রিপোর্ট
প্রথমবারের মতো শ্রেয়া ঘোষালের কণ্ঠের একটি প্লেব্যাকে ঠোঁট মেলাবেন চিত্রনায়িকা বর্ষা। অনন্ত জলিল পরিচালিত ও প্রযোজিত ‘নেত্রী:দ্য লিডার’ ছবির একটি গানে কণ্ঠ দিলেন এই শিল্পী। এরই ভেতরে গানটির শুটিং সম্পন্ন হয়েছে বেশ ক’টি দেশে। তেলেগু ছবির পরিচালকের সঙ্গে যৌথভাবে অনন্ত জলিল এই ছবিটি পরিচালনা করছেন। এছাড়া ছবিতে অনন্ত জলিল, বডিগার্ড চরিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।
শ্রেয়া ঘোষালের গান প্রসঙ্গে বর্ষা বলেন, ‘শ্রেয়া ঘোষালের গান কার না প্রিয়? আমারও ভীষণ প্রিয় শিল্পী তিনি। তবে এটিও আমার সিনেমার জন্য অন্যতম চমক হিসেবে উপহার দিয়েছেন অনন্ত জলিল। আরো কি কি বাকি আছে কে জানে? পুরো কাজটির আয়োজন কেউ সামনা-সামনি না দেখলে বলতে পারবে না যে, এটি বাংলাদেশের ছবি!’
অন্যদিকে অনন্ত জলিল বলেন, ‘আমি বরাবরই কোয়ালিটিতে বিশ্বাসী। অনেকে অনেক কথা বলে বেড়ায়, কিন্তু আমি কাজটা করে দেখিয়ে দিই যে, এ ধরনের ছবি বাংলাদেশেও সম্ভব। এই ছবিটির শুরুই হয়েছে একটি বিশেষ চমক দিয়ে। আশা করছি দারুণভাবে কাজটি শেষ করতে পারবো।’
উল্লেখ্য, নেত্রী:দ্য লিডার ছবিতে প্রথমবারের মতো বলিউডের তিন খলনায়ককে নেওয়া হয়েছে। তুরস্ক, ভারত, থাইল্যান্ডসহ একাধিক দেশে ছবিটির শুটিং হবে। এই ছবিতে একজন রাজনীতিকের চরিত্রে চিত্রনায়িকা বর্ষাকে দেখা যাবে। এদিকে অনেকের মনেই প্রশ্ন অনন্ত জলিলের বিগ বাজেট মুভি ‘দিন দ্য ডে’ কবে মুক্তি পাবে? এ প্রসঙ্গে জানা যায়, ছবিটি আসছে ঈদে রিলিজের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, প্রযোজক অনন্তের কথা অনুযায়ী ‘দিন দ্য ডে’ ছবিটি ১২০ কোটি টাকা বাজেটের। যা এদেশের জন্য একটি বিষ্ময়কর রেকর্ড।
জানা গেছে, বর্তমানে সিনেমাটির শুটিং চলছে ভারতের হায়দ্রাবাদে। সেখানে অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে বাংলাদেশের বেশকিছু অভিনেতা অংশ নিয়েছেন।
‘নেত্রী :দ্য লিডার’ সিনেমায় দেখা যাবে ভারতীয় সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা কবির দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াতকে। অনন্তের স্ত্রী বর্ষা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল যৌথভাবে।
