আনন্দ বিনোদন প্রতিবেদক
একঝাঁক তারকাকে নিয়ে আসছে নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের সিনেমা ‘স্ফুলিঙ্গ’। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক। এটি মুক্তি পাবে আগামীকাল শুক্রবার। করোনার এই মন্দার সময়ে ছবিটি প্রেক্ষাগৃহেই মুক্তি দিতে যাচ্ছেন তৌকীর আহমেদ। এরইমধ্যে নিশ্চিত হয়েছে সিনেমা হলও। এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘আমরা জেনেছি বর্তমানে সারাদেশে প্রেক্ষাগৃহের সংখ্যা ১০০’র কম। তার মধ্যে অর্ধেকের বেশি বন্ধ আছে নানা কারণে। তার মধ্য থেকে আমরা ৩৫টি হলে সিনেমাটা দেখাতে পারব—এটাই আনন্দের। অবশ্য হল সংখ্যা আরও বাড়তে পারে।’
স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে তরুণদের একটি ব্যান্ডকে ঘিরে। এখানে ব্যান্ডশিল্পী হিসেবে কাজ করেছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম। ছবিতে শ্যামলের বিপরীতে দেখা যাবে পরীমনিকে। আরও আছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসানসহ অনেকেই। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন পিন্টু ঘোষ।
সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে দি অভি কথাচিত্র। এ প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভি জানান, ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাবে ৩৫টি হলে। করোনা প্রাদুর্ভাবের পর এটাই কোনো সিনেমার সর্বোচ্চ হলে মুক্তির ঘটনা। যা সিনেমাপাড়ায় বেশ আশ জাগানিয়া সুর হয়ে বেজেছে।’
