রে জা উ ল ক রি ম খো ক ন
বিয়ের পর কয়েক মাস না পেরোতেই হঠাত্ করে অপ্রত্যাশিতভাবে বিধবা হয় অল্পবয়সী তরুণী সন্ধ্যা। স্বামীহারা সন্ধ্যা নিজের মতো পরিস্থিতি মোকাবেলা করতে চায়, পরিবারের অন্য সবার মতো করে ব্যাপারটি না দেখে নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে চায়। সন্ধ্যার আচরণ, কাণ্ডকীর্তি, কথাবার্তা সবার কাছে যেন এক ধরনের পাগলামি মনে হয়। কিন্তু সন্ধ্যা যে তার জীবনের নতুন ঠিকানা খুঁজে নিতে চায়। অন্য কারো চাপে কিংবা প্রভাবিত হয়ে মনের বিরুদ্ধে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। তেমনি গল্প নিয়ে আবর্তিত হয়েছে সানিয়া মালহোত্রার নতুন সিনেমা ‘পাগলাইত’। যা এ সপ্তাহে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে ‘পাগলাইত’ ছবির ট্রেলার-টিজার দেখে বিপুল সংখ্যক দর্শক বেশ উত্সাহী হয়েছেন। গতানুগতিক নায়ক-নায়িকার রোমান্স, খলনায়কের ষড়যন্ত্র, ক্লাইমেক্স, প্রথাগত নাটকীয়তার বদলে সম্পূর্ণ ভিন্ন আবহে নতুন ধাঁচের গল্প তুলে ধরার প্রচেষ্টা রয়েছে কমেডি ড্রামাটিতে।
২৯ বছর বয়সী সানিয়া মালহোত্রা ‘দঙ্গল’ ছবির মাধ্যমে একজন নারী কুস্তিগীরের ভূমিকায় রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন ২০১৬ সালে। গত ৫ বছরের অভিনয় জীবনে খুব বেশি সিনেমায় তাকে দেখা না গেলেও সানিয়া অভিনীত ছয়টি ছবিতেই সুন্দর সহজ সাবলীল অভিনয়ের মাধ্যমে অগণিত দর্শকের হূদয় ছুঁয়েছেন। ‘দঙ্গল’-এ বাজিমাত করার পর ‘পটাখা’, ‘বাদাই হোত’, ‘ফটোগ্রাফ’, ‘শকুন্তলা দেবী’, ‘লুডো’ ছবিতে নিজেকে একজন যোগ্য অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সমালোচক, বোদ্ধা-দর্শকদের প্রশংসার পাশাপাশি বেশ কিছু পুরস্কারের জন্য মনোনয়ন লাভ তার কাজের স্বীকৃত হিসেবে বিবেচনা করা যায়। ‘পাগলাইত’ ছবিতে সদ্য বিধবা হওয়া এক তরুণীর জীবনের বাস্তবতা, ঘাত-প্রতিঘাত, আবেগ, হূদয়ের টানাপোড়েন, আনন্দ-বেদনা উচ্ছ্বাস ইত্যাদি ফুটিয়ে তোলার কাজটি সানিয়ার জন্য নিঃসন্দেহ চ্যালেঞ্জ ছিল। অবশ্য ‘পাগলাইত’ ছবিটির নির্মাতাগোষ্ঠী তার ওপর ভরসা করেছেন পুরোপুরিভাবে। এ ছবির ট্রেলার টিজার দেখে মনে হয়েছে, সানিয়ার ওপর ভরসা করে তারা মোটেও ভুল করেননি। কোনোভাবেই মিসকাস্ট হননি এই তন্বী অভিনেত্রী। বলতে হয়, বাস্তবজীবনের ছোঁয়া রয়েছে ‘পাগলাইত’ ছবির প্রায় প্রতিটি দৃশ্যেই।
অধ্যয়নকালেই সাধারণ এবং ব্যালে নাচের তালিম নেওয়া সানিয়া টিভির ড্যান্স রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এ অংশগ্রহণ করে সেরা ১০০ প্রতিযোগীর মধ্যে নাম লিখিয়েছিলেন। একসময়ে মুম্বাই চলে আসেন এবং বিভিন্ন জায়গায় অডিশন দিতে শুরু করেন। তখন বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে ক্যামেরাপারসনদের সহযোগী হিসেবেও কাজ করেছেন। গত ৫ বছরে ছয়টি ছবিতে কৃতিত্বের সঙ্গে পরিচয় দিয়ে সবার আস্থা অর্জন করতে পেরেছেন সানিয়া মালহোত্রা। ‘পাগলাইত’ তাকে আরো এগিয়ে নেবে বলে আশা করা যায়।
