বরিশালে কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসকের মাস্ক বিতরণ

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩১

বরিশাল অফিস

বরিশাল কেন্দ্রীয় কারাগারের বন্দিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, খাবারের মানসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। গতকাল বুধবার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার কারাগারের বন্দিদের মধ্যে মাস্ক বিতরণসহ তাদের খোঁজখবর নেন। এসময় তিনি কারাগারের রান্নাঘর পরিদর্শন, খাবারের মান যাচাই, নারী কয়েদিদের সেলাই কার্যক্রমসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি কারাবন্দিদের জন্য নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে সব বন্দিদের মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বরিশাল কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সন্তোষজনক কারা আচরণ করায় আব্দুর রহমান মাঝি নামের এক বন্দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী মুক্তি দেওয়া হয়। ঐ বন্দির সব কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্পন্নের পর গতকাল জেলা প্রশাসক তাকে ফুল ও নতুন পোশাক দিয়ে শুভেচ্ছা জানান এবং তার জীবিকা নির্বাহের জন্য সমাজসেবার মাধ্যমে একটি রিকশা প্রদানের প্রতিশ্রুতি দেন।