১০ মিনিটের স্তব্ধ কর্মসূচি পালিত

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩২

তিস্তা চুক্তি সইসহ ছয় দফা দাবি

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর অঞ্চলের তিস্তা নদীতে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তা নদীর পানি চুক্তি সই করাসহ ছয় দফা দাবিতে ১০ মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে তিস্তার দুই পাড়ের মানুষ। গতকাল বুধবার বেলা ১১টায় তিস্তার দুই কূলের প্রায় ২৩০ কিলোমিটার জুড়ে হাট-বাজার, দোকানপাট বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হয়। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহ্বানে রংপুর বিভাগের তিস্তা নদী পাড়ের মানুষেরা এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে অংশ নেন। তিস্তা নদীর দুই কূলের নীলফামারি, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্দার মানুষ সকাল থেকেই জড়ো হতে থাকে নদীর কূলে।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রংপুরের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী রংপুরের পীরগাছা উপজেলার তিস্তার বিভিন্ন পয়েন্টে কর্মসূচিতে অংশ নেন। এসময় তিনি বলেন, তিস্তা নদী এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা রক্ষার জন্য দেশীয় এবং আন্তঃদেশীয় ব্যবস্থাপনা জরুরি।

এদিকে, লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট জেলার তিস্তা নদীর ডান তীরে বুধবার সকাল ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত স্তব্ধ কর্মসূচি পালিত হয়েছে। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি গেরিলা লিডার মুক্তিযোদ্ধা ড. এস এম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে স্তব্ধ কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মুস্তাফিজার রহমান বাবু, নাট্যকার মাখন লাল দাস, চড় গোকুন্ডা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জহুরুল হক, তরুণ সমাজকর্মী মৃদুল হাবীব প্রমুখ।