তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় তালা উপজেলার কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মহিলা মেম্বারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন। আসামিরা হলেন—কুমিরা ইউপির সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা এবং একই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য রোকসানা পারভীন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কোর্ট পরিদর্শক বিজন রায় বিষয়টি নিশ্চিত করেন। আসামিরা ত্রাণের ৪ হাজার মেট্রিকটন চাল আত্মসাত্ করেন। এ ঘটনায় উপজেলার পাটকেলঘাটা থানায় ২০১১ সালের ১৯ আগস্ট মামলা দায়ের হয়। মামলার এজাহার করেছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আব্দুল হাকিম। মামলাটি তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।
