আমদানি বাণিজ্যে নীতি সহায়তার সময়সীমা বাড়ল

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩৭

 ইত্তেফাক রিপোর্ট

আমদানি বাণিজিক লেনদেনের নীতি সহায়তার সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে আমদানিকারকরা আমদানি মূল্য পরিশোধে দ্বিগুণ সময় পাবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। যা দেশের সব অথরাইজড ডিলারদের (এডি) কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নীতিসহায়তার অংশ হিসেবে করোনা ভাইরাসজনিত রোগপ্রতিরোধ করতে জীবন রক্ষাকারী ওষুধ, চিকিত্সা সামগ্রী প্রভৃতি বিদেশি রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আমদানিমূল্য বাবদ অগ্রিম ৫ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ পরিশোধ করা যাবে। আর উত্পাদন উপকরণাদি আমদানি বাবদ মূল্য ৩৬০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। আগে এ সময়সীমা ছিল ১৮০ দিন। নতুন নিয়মে ৩৬০ দিনের আমদানি দায় পরিশোধের সুযোগ কৃষি উপকরণাদি এবং রাসায়নিক সার আমদানির ক্ষেত্রেও রাখা হয়েছে।

নতুন এ সুযোগ সম্পর্কে আমদানিকারকরা বলছেন, নতুন এ সিদ্ধান্তের কারণে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের আমদানির ব্যয় মেটানো সহজ হবে। আমদানিকারকরা এজন্য বাড়তি সময় পাবেন। আগামী তিন মাস যে সুবিধা দেওয়া হলো তাতে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের সমস্যা কটিয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, করোনার কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। নতুন এ সিদ্ধান্তের কারণে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো কিছুটা হলেও স্বস্তিতে থাকবে। এ কারণেই আমদানি বাবদ অর্থ পরিশোধে সময় বাড়ানো হয়েছে।