ইত্তেফাক রিপোর্ট
আশুলিয়ার দুর্গাপুর পূর্বচালা এলাকা থেকে চার বছরের শিশু আসনান আদিপকে অপহরণের ঘটনায় অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম রাকিব। গত মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাঘুটিয়া দুর্গম চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও অপহূত আসনানকে উদ্ধার করা হয়। গতকাল দুপুরে র্যাব-৪-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, শিশু আদিপকে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আশুলিয়া থেকে মানিকগঞ্জের যমুনার চর এলাকায় অপহরণ করে নিয়ে যায় রাকিব। পরবর্তীতে সে শিশুটির বাবার কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে অপহূত শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেয়।
