টানা দ্বিতীয় দিন দেশে সাড়ে ৩ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এক দিনের মৃত্যুর সংখ্যাও আগের দিনের চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৫৬৭ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরো ২৫ জনের।
দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা গত বছরের জুলাই মাসের পর মঙ্গলবার প্রথমবারের মতো সাড়ে ৩ হাজার ছাড়িয়ে যায়। এর আগে গত বছরের ১৬ জুলাই মাসে এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ৩ হাজার ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ৫৬৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনে। আর গত এক দিনে মারা যাওয়া ২৫ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৭৬৩ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৯১৫ জন রোগী সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ।
