জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক ‘বঙ্গবন্ধু অভিবাসী বৃহত্ পরিবার ঋণের আওতায় ১৩৮ জন প্রবাসী কর্মীর পরিবারকে ৪ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীদের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশফেরত কর্মীদের এই ঋণ সুবিধা দিচ্ছে। দালাল ধরে ব্যাংকের ঋণ না নিতে এবং ঋণ নিতে কোনো প্রকার সমস্যা হলে সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরোবলেন, মার্চের মধ্যেই আমরা এই ঋণ বিতরণের পরিমাণ বাড়াতে পারব বলে আশা করছি।
সভাপতির বক্তৃতায় সচিব বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ব্যাংক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং বিএমইটির মাধ্যমে সরকার প্রবাসী কর্মীদের কল্যাণেরজন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম, শেখ শোয়েবুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের জি এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
