পায়রার রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং নিজস্ব অর্থায়নে :অর্থমন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০০:৩৪

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং কার্যক্রম পিপিপি পদ্ধতির পরিবর্তে সংস্থার নিজস্ব অর্থায়নে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, আমরা নিজস্ব অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করব।

রিজার্ভ থেকে সরকারি প্রতিষ্ঠান ফান্ড পাচ্ছে। বেসরকারি খাতও এ ধরনের ফান্ড পাবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে নীতিমালা তৈরি হবে। রিজার্ভ থেকে বেসরকারি খাতকে ঋণ দেওয়া যাবে কি না, সেটা নীতিমালা হওয়ার পর জানতে পারবেন। অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার আগামী পাঁচ বছর থাকলে বাংলাদেশ অর্থনীতিতে এশিয়ার পঞ্চম টাইগারে পরিণত হবে। তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক সূচকের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অর্জন অনেক বেশি। আমাদের গত ১০টি বছর করোনার আগ পর্যন্ত অসাধারণ গতিশীলতায় এগিয়েছি। ১৯৬০ থেকে ৯০ সাল এরপর ৩০ বছর পর্যন্ত চারটি এশিয়ান টাইগার ধরা হয়। তারা ৬, ৭, ৮ এই অনুপাতে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। আর আমরা কিন্তু একই ধারাবাহিকতায় ৬, ৭, ৮-এ চলে গেছি। আমরা যদি আর পাঁচ বছর থাকি তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা পঞ্চম এশিয়া টাইগার হিসেবে আসতে পারব। যাহোক করোনায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। তবে আশা করছি, সারা বিশ্ব আমাদের নিয়ে যে মন্তব্য করে এশিয়ার টাইগার আমরা হবই।

সভা শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে দুটি প্রস্তাব অনুমোদন হয়েছে। অপরটি হলো কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক ভারত হতে জেআরও-৫২৪ জাতের ৮০০ মেট্রিক টন মানঘোষিত পাটবীজ সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ছয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল ভারতীয় প্রতিষ্ঠান থেকে ১৭৭ কোটি ১০ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক যুক্তরাষ্ট্র হতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ২১৮ কোটি ৭ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ভোলা (পুরান তালুকদার হাট)-চরফ্যাশন (চরমানিকা) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক দুটি প্যাজেকের দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সাপোর্ট টু জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) পিপিপি প্রকল্প নির্মাণ, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজ তদারকির জন্য স্বতন্ত্র প্রকৌশলী পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন হয়েছে।

ঢাকা ওয়াসার ঢাকা এনভার্নমেন্টালি সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ-২ এর আওতায় গন্ধর্বপুর পানি শোধনাগার হতে বারিধারা পর্যন্ত ১৪ কি.মি. পরিশোধিত পানির ট্রান্সমিশন লাইন স্থাপন কাজ চীনের একটি প্রতিষ্ঠান থেকে ৭৭৭ কোটি ৪০ লাখ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।