হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবেন টেইলর

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৮:৩০

নিউজিল্যান্ডে তিন ম্যাচ সিরিজের টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে জয় পেতে মরিয়া টাইগাররা। এমন ম্যাচে টাইগারদের জন্য আরও দুঃসংবাদ হয়ে আসছেন রস টেইলর। 

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে ছিলেন না অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে সবচেয়ে সফল এ ব্যাটসম্যান ফিরছেন তৃতীয় ওয়ানডেতে। তাই বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানো আরও কঠিন হয়ে গেল। 

আগামীকাল ২৩৩তম ওয়ানডে খেলতে নামবেন নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে রানের মালিক রস টেলর। তাকে জায়গা দিতে বাদ পড়ে যাবেন উইল ইয়াং। ২৩২ ওয়ানডেতে রস টেলের সংগ্রহ ৮৫৭৪ রান। আর বাংলাদেশের বিপক্ষে ৫৯.০০ গড়ে  তিনি ১০০৩ রান করেছেন। অনেকেই মনে করছেন, টেলর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না। তবে টেলর তা মানতে নারাজ।

আজ অনুশীলন শেষে টেলর সাংবাদিকদের বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশা আমার এখনো আছে। যদিও পথটা এখনো অনেক দূরের। আর নির্বাচকেরা চেয়েছেন এই ছেলেগুলোকে একটু সুযোগ দিতে, আমি এতে দোষের কিছু দেখি না। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করতে এই সংস্করণের খেলার চেয়ে ভালো আর কী হতে পারে।’

ইত্তেফাক/এসআই