জেমসের স্বাধীনতা কনসার্ট

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৯:৪৯

নগরবাউল জেমসের কনসার্ট মানেই তারুণ্যের উন্মাদনা। দীর্ঘদিন ধরে করোনা সংক্রমণে নিজেকে ও কনসার্টে অগণিত ভক্তদের কথা চিন্তা করে ঘরবন্দি ছিলেন তিনি। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত অনুষ্ঠান করার অনুমতি মিললেও করোনার ঝুঁকি থাকায় খুব বেশি কনসার্টে অংশ নেননি তিনি। প্রায় ১ বছর পর গত মাস থেকে তিনি কনসার্টে অংশ নেওয়া শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে আজ গাজীপুরের রাজবাড়ি মাঠে একটি বিশেষ কনসার্টে অংশ নেবে জেমস ও তার দল নগরবাউল। কনসার্টটি আয়োজন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে আয়োজিত এ কনসার্টটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। তিনি জানান, দিনব্যাপী অনুষ্ঠানে বিকেল ৩টায় সাংস্কৃতিক পর্বে জেমস অংশ নেবেন। অনুষ্ঠানে সংগীতশিল্পী সালমাও গান গাইবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, বর্তমানে নগরবাউলের লাইনআপে রয়েছেন ভোকাল ও গিটারে জেমস, ড্রামসে এহসান এলাহি ফান্টি, গিটারে সুলতান রায়হান খান, বেস গিটারে তালুকদার সাব্বির, কি-বোর্ডে খোকন চক্রবর্তী এবং ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।