নিঃসীম নিঃস্বতায় যার বুকে পাই অসীম
আশ্রয়—উদভ্রান্ত প্রেমিকের মতো,
ক্ষুন্নিবৃত্তি নিবারণে আকণ্ঠ চুষি
যার স্তন—বুভুক্ষু শিশুর মতো,
সগৌরব সাফল্যে যার উন্মাতাল
উত্ফুল হই—কোজাগরী চাঁদের মতো,
নিদেনতম অপমানে যার বিদীর্ণ
রক্তাক্ত হই—শরবিদ্ধ হরিণের মতো;
তুমি সেই মৃত্তিকা, প্রিয়তমা জননী।
তুমি সেই সর্বংসহা, সব দুঃখ হরণী।
ভালবাসি তোমাকে, তোমাকেই।
ভালবাসি এত বেশি, তোমাকেই।
তুমি আমার প্রেমভরা প্রেমিকা,
তোমাকে সালাম।
তুমি আমার সমাদৃত স্বাধীনতা,
তোমাকে সালাম।
তুমিই আমার ‘অবদ্ধ আমি’,
তোমাকে সালাম।
