আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছিল, তা করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে প্রত্যাহার করে নেওয়া রহস্যজনক। ইতিহাসের অনেক মীমাংসিত সত্যের মুখে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে ২৫ মার্চ ও ২৬ মার্চ পালন না করে তারা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গণহত্যা দিবস স্মরণে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথভাবে আয়োজিত সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
