ছুটির দিনে উত্সবের আমন্ত্রণ

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২২:২৩

শুক্রবার আর স্বাধীনতা দিবস একই দিনে। বইমেলা যে আজ লাল সবুজ রঙে ছেয়ে যাবে তা আগেই বলে দেওয়া যায়। করোনার ভয় কাটিয়ে মেলা এক সপ্তাহ পেরিয়ে এলো। স্বাস্থ্যবিধি মেনে খুব স্বাচ্ছন্দ্যেই এগিয়ে চলেছে মেলা। তরুণদের পদচারণায় ঠিক জমে উঠবে বইমেলা। দলে দলে বইপ্রেমীরা ছুটে আসবে অমর একুশে বইমেলায়। প্রকাশকদের আশা মেলায় বেচাকেনা কিছুটা যে মন্দা যাচ্ছে সেটা আজ কেটে যাবে, জমে উঠবে বইমেলা। তবে, যারা মেলায় আসবেন তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছেন বইমেলা কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, এবার মেলার দ্বিতীয় দিনই ছিল শুক্রবার। সেদিনও মেলা মোটামুটি জমে ওঠেছিল। আজ আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ছুটির দিন। আশা করছি আজ মেলা পুরোপুরি জমে উঠবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়ই জমে উঠেছিল মেলা। বন্ধুদের আড্ডা আর স্টলে দল বেঁধে ঘুরেছেন সবাই। এদিন মেলায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ, প্রকাশক নেতৃবৃন্দ ও নিরাপত্তাবাহিনীর সম্মিলনে ‘মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি’ শ্লোগানে র্যালি হয় মেলা প্রাঙ্গণে। বইমেলার গেটে কাউকেই মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু মেলায় প্রবেশের পর কিছু মানুষ মাস্ক খুলে ফেলেন। সার্বক্ষণিক মাস্ক পরিধানের সচেতনতা বাড়াতেই এই র্যালির আয়োজন করা হয়।

মূল মঞ্চের আয়োজন : বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : বাংলাদেশের গণহত্যা ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন স্বদেশ রায়। আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক), আহম্মেদ শরীফ এবং চৌধুরী শহীদ কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মুনতাসীর মামুন।

গতকাল লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন সরকার মাসুদ, কাজী রাফি ও আহম্মেদ শরীফ।

নতুন বই: বাংলা একাডেমির দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার মেলায় নতুন বই এসেছে ১১৭টি। এর মধ্যে অন্যপ্রকাশ থেকে সেলিনা হোসেনের বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থ ‘নির্বাচিত গল্পে বঙ্গবন্ধ’ু, পাঞ্জেরি পাবলিকেশন্স থেকে মিনার মনসুরের ছড়াগ্রন্থ ‘চিরকালের নেতা’, ঐতিহ্য থেকে সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ‘একাত্তরের বিজয় গাথা’, শোভা প্রকাশ থেকে সনজীদা খাতুনের ‘বড় বিস্ময় লাগে হেরি তোমারে’, নন্দিতা প্রকাশ থেকে রঞ্জিত সরকারের কাব্যগ্রন্থ ‘রুদ্ধ জোয়ারে জল’, চিরদিন প্রকাশনী থেকে নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ ‘ওড টু এ লিডার’ উল্লেখযোগ্য।

আজকের মেলা: আজ মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন শাহরিয়ার কবির এবং মোহাম্মদ হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শামসুজ্জামান খান।