বগুড়ার ধুনট উপজেলার পল্লিতে স্বামীর দেওয়া আগুনে রবিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর শরীর, হাত ও পা ঝলসে গেছে। স্ত্রীর শরীরে আগুন দিয়ে চিকিত্সা না করেই পাঁচ দিন ঘরে আটকে স্বামী মোমিন তালুকদার (৩০) নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে রবিনা খাতুনকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় গত বুধবার ঐ গৃহবধূর বাবা হোসেন আলী বাদী হয়ে মেয়ে-জামাইকে আসামি করে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘলকান্দি দক্ষিণপাড়া গ্রামের কৃষক হাসেন আলীর মেয়ে রবিনা খাতুনের সঙ্গে ১০ বছর আগে একই গ্রামের মৃত সামাদ তালুকদারের ছেলে মোমিন তালুকদারের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
