সুনামগঞ্জে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় আদালত দুই জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু এই রায় দেন। দণ্ডাদেশ প্রাপ্তদের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের কামদেবপুর গ্রামে। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলো— আবদুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও শাসছুদ্দিন ওরফে শামছু মিয়া। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলো—আবদুল মান্নান, ইনু মিয়া, রেনু মিয়া, হামদু মিয়া, আফজল মিয়া, জালাল উদ্দিন, আবদুল নূর, সবুজ মিয়া, বাবুল মিয়া, আলকাছ মিয়া, বাদল মিয়া, রহমত আলী ও মনু মিয়া। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
