গাজীপুরে সেফ হোম থেকে পালাল ১৪ কিশোরী

আপডেট : ২৬ মার্চ ২০২১, ০০:৩৮

গাজীপুরে নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) থেকে ১৪ জন পালিয়ে গেছে। বুধবার গভীর রাতে তারা ভবনের তিনতলার জানালার গ্রিল ভেঙে ওড়না দিয়ে রশি বানিয়ে নিচে নেমে দেওয়াল টপকে পালিয়ে যায়। পরে জয়দেবপুর রেল স্টেশন থেকে তাদের সাত জনকে আটক করা গেলেও অপর সাত জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ছায়েদুল ইসলাম, অধিদপ্তরের মহাপরিচালক রামচন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ঐ কেন্দ্রের স্টোর কিপার আব্দুর রহমান মোল্লা বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বাসন থানায় মামলা করেছেন।

উদ্ধার হওয়া হেফাজতিরা হলো—নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ইলমদি গ্রামের আফজাল হোসেনের ছেলে লামিয়া (১৮), ঠিকানা না জানা আজিজুল ইসলামের মেয়ে তানিয়া (১৫), নরসিংদী পলাশ থানার ঘোড়াশাল এলাকার মাহমুদা আক্তার তুলি, বাক্প্রতিবন্ধী সাবানা (১৭), জেসমিন (১৮), লুত্ফুন্নাহার (২০) ও সুরমা (১৭)।

এখনো নিখোঁজ রয়েছে : লালমনিরহাটের হাতীবান্ধা থানার মাঠগ্রাম এলাকার মিলন মিয়ার মেয়ে মিম আক্তার (১৭), পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার দেউলি এলাকার সৈয়দ মিল্টনের মেয়ে মলি আক্তার (১৭), নরসিংদীর শিবপুর থানার ধানুয়া এলাকার শাহ আলমের মেয়ে মনিরা (১৫), মুন্সীগঞ্জের লৌহজং থানার বড় নওয়াপাড়া এলাকার  বর্না আক্তার নিঝুম (১৫), আশুলিয়া থানা সদর এলাকার ওমর ফারুকের মেয়ে ফাহমিদা আক্তার রিয়া  (১৬), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজ বাতানপাড়া মাদ্রাসা রোডের কবির মিয়ার মেয়ে তাসলিমা (১৫) ও  একই জেলার বন্দর থানার বাঘবাড়ী এলাকার আব্দুর রশিদের মেয়ে জামিলা খাতুন সুইটি (১৭)।

আবাসন কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ঐ নিরাপদ আবাসন কেন্দ্রে তৃতীয় তলায় হেফাজতে থাকা ২৮ জন হেফাজতির মধ্যে ১৪ জন পালিয়ে যায়। টের পেয়ে আবাসন কেন্দ্র থেকে পুলিশকে জানানো হলে সদর মেট্রো থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়দেবপুর রেল স্টেশন থেকে সাত জনকে আটক করে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, এখানে বাবা-মায়ের অমতে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বা বাড়ি থেকে পালিয়ে চলে যায় তাদের একটি অংশ থাকে। এখানে জনবল ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে, আর খাবারের মানটিও বাড়াতে হবে। আজকে মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে যেন জনবল বাড়ানো হয়। এছাড়া এ কেন্দ্রের নিরাপত্তার জন্য নারী আনসার মোতায়েন করা যায় কি না, সেটিও চিন্তা করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, সেফ হোম থেকে পালিয়ে যাওয়া বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

তদন্ত কমিটি গঠন :এদিকে নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ১৪ হেফাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ছায়েদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান।

আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।