আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি জামায়াত ঐক্যজোট ক্ষমতায় এলে দেশে প্রতিহিংসার আগুন জ্বলতো। আল্লাহর রহমতে এদেশের মানুষ এখন সুখে আছে, শান্তিতে আছে। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের আর্থ-সামজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাবেন।
সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ের সামনের মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মোহাম্মদ নাসিম শহীদ এম মনসুর আলীর পরিবারের ও কাজীপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, শেখ হাসিনা শহীদ এম. মনসুর আলীর সন্তানদের অনেক মর্যাদা দিয়েছেন, বার বার মন্ত্রী বানিয়েছেন, আওয়ামী লীগের নীতি নির্ধারক কমিটি প্রেসিডিয়ামের সদস্য করেছেন, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। তিনি কাজিপুরের মানুষকে অনেক উন্নয়ন দিয়েছেন, সম্মানিত করেছেন। শহীদ এম.মনসুর আলী যেমন বঙ্গবন্ধুর সাথে বেঈমানী করেননি, তাঁর (মনসুর) সন্তান মোহাম্মদ নাসিমও কোনও দিন শেখ হাসিনার সাথে বেঈমানী করেনি, করবেও না।
একাদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর কাজিপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কে.এম হোসেন আলী হাসান, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
