বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করলেন লায়ন এয়ারে নিহত এক যাত্রীর বাবা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:৪৬

রয়টার্স

ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজের এক যাত্রীর বাবা উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

গত ২৯ অক্টোবর জাকার্তার অদূরে জাভা সাগরের উপর লায়ন এয়ারের ফ্লাইট-৬১০ বিধ্বস্ত হয়ে ১৮৯ আরোহীর সবাই নিহত হন। জাকার্তা থেকে পাংকাল পিনাংয়ে রওনা হওয়া বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজটির দুর্ভাগা যাত্রীদের একজন ছিলেন রিও নান্দো প্রতামা। পেশায় চিকিত্সক রিও নান্দো জাকার্তায় একটি সেমিনার শেষ করে বাড়ি ফিরছিলেন। গত ১১ নভেম্বর ছিল তার বিয়ের দিন। দীর্ঘদিনের প্রেমিকা ইন্তান সায়ারিকে ওইদিন তার স্ত্রী রূপে গ্রহণ করার কথা ছিল। বুধবার যুক্তরাষ্ট্রের ইলিনয়ের কুক কাউন্টি সার্কিট কোর্টে বোয়িং কোম্পানির বিরুদ্ধে মামলা করেন রিও নান্দোর বাবা। তার অভিযোগ, কোম্পানিটি তাদের তৈরি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ‘অনিরাপদ নকশা’ সম্পর্কে লায়ন এয়ার কর্তৃপক্ষ বা পাইলটদের কিছু জানায়নি। ফ্লোরিডা ভিত্তিক একটি ল ফার্মে আইনজীবী ক্রুটিস মিনার রিও নান্দোর বাবার পক্ষে মামলাটি লড়বেন।