সিলেট অফিস
সিলেট বিভাগে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। গত বৃহস্পতিবার আরো ৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সচেতনতার অভাবে এ বিভাগে করোনা রোগীর সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্টদের অভিমত। করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই বিভাগে দেদার চলছে বিয়েশাদি সামাজিক অনুষ্ঠান। নগরীর শাহী ঈদগাহে এমএমই মেলাও চলছে পুরোদমে। শিশু, নরনারীর উপস্থিতিতে জমজমাট মেলা চলছে। অন্যদিকে যুক্তরাজ্য প্রবাসীরা কোয়ারেন্টাইনে থেকেও বিধিবিধান মানছেন না। তারাও নিজেরা হোটেলে বিয়ের কাজ সারছেন। ঘুরছেন, শপিং করছেন, স্বজনদের সঙ্গে দেখাও করছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, গত ২৪ ঘণ্টায় সিলেটে শনাক্ত হওয়া ৬৪ জন করোনা আক্রান্ত রোগীর ৫৬ জনই সিলেট জেলার বাসিন্দা। হবিগঞ্জে একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন সাত রোগীর শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। নতুন করোনা আক্রান্ত ৬৪ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৮১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৪০০ জন, সুনামগঞ্জে দুই হাজার ৫৭১ জন, হবিগঞ্জে দুই হাজার ২৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৮৪ জন রয়েছে। এছাড়া একই সময়ে বিভাগে নতুন করে আরো ৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্য দিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৮৮ জনে। বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২৮৩ জন মারা গেছেন।
