ইউনিয়ন পরিষদ নির্বাচন
বরিশাল অফিস
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালে জেলার ১৩টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ১৩ জন প্রার্থী। ঐসব ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে বৃহস্পতিবার দুপুরে তাদের নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। আগামী ১১ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন গৌরনদীর খাঞ্জাপুরে নূর আলম সেরনিয়াবাত, বার্থীর আব্দুর রাজ্জাক, চাঁদশীতে নজরুল ইসলাম, মাহিলাড়ায় সৈকত গুহ পিকল, নলচিড়া ইউনিয়নে গোলাম হাফিজ মৃধা ও বাটাজোরে আব্দুর রব হাওলাদার, বানারীপাড়া সদর ইউনিয়নে আব্দুল জলিল ঘরামী, বিষারকান্দিতে সাইফুল ইসলাম শান্ত, ইলুহারে শহিদুল ইসলাম, সলিয়াবাকপুরে সিদ্দিকুর রহমান ও উদয়কাঠির রাহাদ আহম্মেদ ননী, উজিরপুরের শোলক ইউনিয়নে আব্দুল হালিম সরদার এবং মুলাদী সদর ইউনিয়নে কামরুল আহসান। বৃহস্পতিবার ঐ ১৩টিসহ ৫০ ইউনিয়নের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের পরপরই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা একক প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন। তবে ৫০টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে এক হাজার ৬২১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৫১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একক প্রার্থী হওয়ায় ১৫টি ওয়ার্ডে ১৫ জন সাধারণ সদস্য এবং দুই জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বরিশাল জেলায় ৫০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জালালপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলায় আহত ৫
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, তালা উপজেলার জালালপুর ইউনিয়নে বৃহস্পতিবার রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে নারীসহ পাঁচ জন আহত হয়েছেন। আহতরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, খবর পেয়ে থানা পুলিশ এলাকা পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
