ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় আটক ৩

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:২৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা শহরের কাজীপাড়ায় মৌলভীহাটিতে এ ঘটনা ঘটে। সংঘর্ষে তিন জন আহত হয়। এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। আহতরা হলেন—জেলা শহরের কাজীপাড়ার সাব্বির হাসান রায়হান, আশরাফুল ও সাকিব। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান লেলিন ও তাকবীরের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একাধিক গুলি ছোড়া হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, পুলিশ তিন জনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িত অন্যদের আটকের অভিযান চালানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।