বিনোদন প্রতিবেদক
নিয়মিত কাজের পাশাপাশি বিশেষ দিবস বা উত্সব মানেই শোবিজ অঙ্গনে সকলের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। সেই ধারাবাহিকতায় আসছে ঈদকে কেন্দ্র করে এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছেন পরিচালক, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা। দেশের গুণী নাট্যনির্মাতা সালাউদ্দিন লাভলু শিগগিরই ঈদের নাটকের শুটিং শুরু করবেন। আগামী ৩ এপ্রিল থেকে টানা ১০ দিন একটি ধারাবাহিক ও একটি একক নাটকের শুটিং করবেন তিনি। নিজের চলমান ব্যস্ততা ও ঈদের কাজ প্রসঙ্গে সালাউদ্দিন লাভলু বলেন, ‘অন্যন্যা প্রতিভা রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে রয়েছি। এই শোটি নিয়ে খুবই ব্যস্ততা চলছে। আগামী ৩০ তারিখ এটি শেষ হলে ঈদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। আপাতত দুটি নাটকের কাজ দিয়ে শুরু করছি। এছাড়াও আরো বেশকিছু কাজ ঈদে আসবে।’
বাংলা নাটকের ধারাবদল করা এই নির্মাতা শুধু নাটক নির্মাণেই নিজের সফলতার পরিচয় দেননি। পাশাপাশি তিনি ডিরেক্টর গিল্ডের সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। সংগঠনটির নিয়ে তার পরবর্তী পরিকল্পনাও বেশ জোরালো বলে জানান তিনি। লাভলু বলেন, ‘আগামীকাল আমাদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করার ইচ্ছে রয়েছে। আর সংগঠনের কার্যক্রম নিয়ে বলবো, আমরা কিন্তু আগের মেয়াদে বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ করেছি। কিন্তু করোনার কারণে কিছুটা এর ব্যত্যয় ঘটলেও আবার সেগুলো ঠিক করবো।’ নাটকে উন্মুক্ত নতুন মাধ্যম যোগ হওয়ায় ভালো কাজের পাশাপাশি মানহীন কাজও হরহামেশাই চোখে পড়ে। এ নিয়ে বরাবরই নানা নেতিবাচক সমালোচনা শোনা যায়। আর ঈদের সময় এলে তো মানহীন কাজের পাল্লা অনেক ভারি হয়। এ প্রসঙ্গে লাভলু আরো বলেন, ‘এমনিতেও নাটক বাণিজ্যিক মাধ্যমে পরিণত হওয়ায় আমাদের টিভি দর্শক অনেক কমে গেছে। সঙ্গে মানহীন কাজ করলে আমরা আরো পিছিয়ে পড়বো। তাই সবারই ভেবে কাজ করা উচিত। কারণ দিনশেষে কিন্তু আমাদেরই কথা শুনতে হয়।’
