কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান হুব্বা (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৮শ’ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। গত শুক্রবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়া আমবাগানের বন্দুকযুদ্ধের এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার ওসির কাছে খবর আসে ক্যানেলপাড়ায় এক দল মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা জবাব দিলে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী হুব্বাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের চার সদস্য আহত হন।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, হুব্বা শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া ছোট ওয়ারলেসের সিরাজ মালিথার ছেলে।
