ঢাকায় মোদিকে উষ্ণ অভ্যর্থনা

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২২:৫১

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শুক্রবার ঢাকায় এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান গতকাল সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদি বিমানবন্দরে পৌঁছালে ১৯ বার তোপধ্বনির মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে মোদিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই প্রধানমন্ত্রী বিমানবন্দরে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। নরেন্দ্র মোদি কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে দুই প্রধানমন্ত্রী একে- অপরকে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

প্রসঙ্গত, করোনা মহামারিকালে নরেন্দ্র মোদির এটাই প্রথম বিদেশ সফর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে ১০ দিনের অনুষ্ঠানমালায় যোগদানকারী বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে নরেন্দ্র মোদি হচ্ছেন পঞ্চম রাষ্ট্রীয় অতিথি।

বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোয় হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। ঢাকায় আসার কয়েক ঘণ্টা পর নরেন্দ্র মোদি বাংলায় দেওয়া এক টুইটার বার্তায় বলেন, ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোয় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সফর প্রতিবেশী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের ক্ষেত্রে অবদান রাখবে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর নরেন্দ্র মোদি সাভার জাতীয় স্মৃতিসৌধে যান। বিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন।

এছাড়া আমির হোসেন আমু এমপির নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের প্রতিনিধিরা, সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির (জাপা) নৃেতৃবন্দ, রানা দাসগুপ্ত ও নিমচন্দ্র ভৌমিকের নেতৃত্বে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও ডা. নুজহাত চৌধুরীর নেতৃত্বে সম্প্রীতি বাংলাদেশ, জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান করভী রাকশান্দ, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, জাহানারা আলম ও সালমা খাতুন, অভিনেত্রী জয়া আহসান ও নুসরাত ফারিয়া প্রমুখ নরেন্দ্র মোদির সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে সাক্ষাত্ করেন। 

শেখ হাসিনার সঙ্গে বৈঠক আজ

সফরের দ্বিতীয় দিন আজ শনিবার বিকালে দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হবে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সংযোগ (কানেকটিভিটি), বাণিজ্য ও বিনিয়োগ, কোভিড-১৯ মহামারি মোকাবিলা, পানি বণ্টন, সন্ত্রাসবাদ মোকাবিলা, বিদ্যুত্ ও জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।